পোর্ট কানেক্টিং সড়কের বেহাল দশা, কয়েক লাখ মানুষকে প্রতিদিন নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে | Chattogram News
চট্টগ্রাম নগরীর লাইফ লাইন বলে পরিচিত পোর্ট কানেক্টিং সড়কের বেহাল দশায় কয়েক লাখ মানুষকে প্রতিদিন নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে। বন্দরের আমদানি-রপ্তানির পণ্য পরিবহনের অন্যতম সড়ক হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সাথে দুর্ভোগের সীমা নেই গাড়ি চালকদেরও। সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক জানান, নভেম্বরের মধ্যে সড়কটির কাজ শেষ করা হবে।
চার বছরেও চট্টগ্রামবাসীর দুঃখ হয়ে থাকা পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া এই সড়কটি দিয়ে বন্দর থেকে প্রতিদিন অন্তত ১০ হাজার পণ্যবাহী গাড়ি সারাদেশে যাতায়াত করে। এছাড়া এই সড়ক দিয়ে আশপাশের বিভিন্ন জেলায় যাতায়াত করে কয়েক লাখ মানুষ।
এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করতে গিয়ে নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে নগরবাসীকে। দুরবস্থার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ী চালকদেরও। পুরো সড়ক জুড়েই বড় বড় গর্ত। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার সাধারণ মানুষকে। সড়কের বেহাল অবস্থায় লোকসানের মুখে পোর্ট কানেক্টিং এলাকার ব্যবসায়ীরাও।
একজন বলেন, 'একটু বৃষ্টি হলেই পানি নামতে পারে না। আর দোকানপাট ময়লা পানিতে ডুবে যায়।'
চার প্রতিষ্ঠান পৃথক লটে ৫ দশমিক ৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের পোর্ট কানেক্টিং সড়কটির উন্নয়ন কাজ করছে। কিন্তু বছরের পর বছর পার হলেও সংস্কার কাজ শেষ হয়নি।
সড়কটির বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম।
ঠিকাদারদের গাফিলতির কথা উল্লেখ করে নভেম্বরের মধ্যেই সড়কটির কাজ শেষ করার আশ্বাস দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় প্রকল্প ব্যয় হচ্ছে ১৬৮ কোটি টাকা।

Comments
Post a Comment